শ্লীলতাহানিও করেছেন সেই চেয়ারম্যান!
রংপুরের বদরগঞ্জের আলোচিত কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হকের বিরুদ্ধে এবার শ্লীলতাহানি ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শংকরপুর বড়াইবাড়ী গ্রামের এক নারী বাদী হয়ে গত বুধবার রাতে মামলাটি করেন।
এর আগে ১৩ অক্টোবর গরু চুরির অভিযোগ তুলে উপজেলার বৈরামপুর গফুরের পাড়া গ্রামের অটোরিকশাচালক আমজাদ হোসেনের হাত-পা বেঁধে মাটিতে ফেলে তাঁর অবুঝ তিন শিশুসন্তানের সামনে শহিদুল হক ও তাঁর সাঙ্গপাঙ্গরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। একই সঙ্গে নির্যাতন করা হয় কাঁচাবাড়ি মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামকেও। প্রথম আলোসহ বিভিন্ন পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে ওই ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে চেয়ারম্যানের কার্যকলাপ নিয়ে নিন্দার ঝড় ওঠে এবং প্রশাসনে তোলপাড় শুরু হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, গ্রামের মিজানুর রহমানের কাছ থেকে ২০১১ সালে ওই নারী ৫২ শতক জমি ৯০ হাজার টাকায় বন্ধক নিয়ে ভোগদখল শুরু করেন। এর পরের বছর মিজানুর রহমান তাঁর কাছে ওই জমির ওপর আরও ৮৫ হাজার টাকা নিয়ে জমি বেদখল করেন। এর প্রতিকার চেয়ে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হকের শরণাপন্ন হন। কিন্তু শহিদুল হক বিচার করে দেওয়ার কথা বলে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কোনো উপায়ান্তর না দেখে তিনি ২০ হাজার টাকা চাঁদা দেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, চেয়ারম্যান শহিদুল চাঁদা নিয়েও অভিযোগের বিচার করেননি। পরে গত বছর ১০ সেপ্টেম্বর বিকেলে ওই নারী শহিদুলের পৌরসভার বালুয়াভাটা প্রফেসর পাড়ার বাড়িতে গেলে তিনি সেখানে তাঁর শ্লীলতাহানি করেন। সে সময় চিৎকার করলে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগী নারীর দাবি, ওই সময় চেয়ারম্যানের বাড়িতে কেউ ছিলেন না।
মামলায় অভিযোগ করা হয়েছে, শ্লীলতাহানির কথা প্রকাশ করা হলে চেয়ারম্যান তাঁকে নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলারও হুমকি দেন। এ কারণে তিনি ভয়ে এত দিন ওই ঘটনা প্রকাশ করেননি। সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে লেখালেখি হওয়ায় তিনি (নারী) এ ঘটনা উল্লেখ করে মামলাটি করেছেন।
মামলা প্রসঙ্গে জানতে চাইলে ওই নারী অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে তাঁর পোষা সন্ত্রাসীরা আমাকে ফোনে হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এদিকে মিজানুর রহমান বলেন, ‘আমি জমি বন্ধক রেখে ওই মহিলার কাছ থেকে কখনো টাকা নেইনি। সব ষড়যন্ত্র।’
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফোন বন্ধ রেখে গা-ঢাকা দেওয়ায় অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় আরও একটি মামলা হলে গ্রেপ্তার এড়াতে তিনি গা ঢাকা দেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।