শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করেন গৃহবধূর বাবা।
ওই গৃহবধূ জানান, গত ঈদুল ফিতরের পর উপজেলার একটি গ্রামে তাঁর বিয়ে হয়। বিয়ের তিন-চার মাস পর থেকেই শ্বশুর সাইদুর রহমান তাঁর দিকে কুনজর দেন। ৪ এপ্রিল তিনি স্বামী ও শাশুড়িকে বিষয়টি জানান। কিন্তু বিষয়টি সুরাহার বদলে তাঁরা তাঁকে বেদম মারধর করে বাড়িতে আটকে রাখেন। আট দিন পর এক প্রতিবেশীর সহায়তায় তিনি বাবার বাড়ি চলে যান। পরে বাড়ির লোকজন তাঁকে গত শনিবার সকালে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাইদুর রহমান জানান, তাঁর পুত্রবধূ প্রতিবেশী এক ছেলের সঙ্গে কথা বলায় তিনি তাঁকে একটি চড় মেরেছিলেন। শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানার এসআই মুরাদ আলী শেখ বলেন, সাইদুর রহমান পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।