শ্লীলতাহানির অভিযোগে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীর শ্লীলতাহানির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া নাটোরের সেই শিক্ষকের বিরুদ্ধে ঘটনার পাঁচ মাস পর সিংড়া থানায় মামলা হয়েছে। গত সোমবার প্রথম আলোতে ‘শ্লীলতাহানির দায়ে বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের সুপারিশ প্রতিমন্ত্রীর!’ শিরোনামে খবর প্রকাশের পর ওই দিন রাতেই কর্তৃপক্ষ মামলাটি করে।
মামলা করায় ওই শিক্ষককে পুনর্বহালে দেওয়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সুপারিশ করা চিঠি কার্যকর করার আর সুযোগ থাকছে না বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সিংড়া থানা সূত্রে জানা যায়, জয়নগর-তাজপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী বাদী হয়ে সোমবার রাতে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসিম আলী আকন্দের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলাটি দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় নাসিম আলী আকন্দের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে গত ১৪ অক্টোবর বিকেলে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে মামলাটি নথিভুক্ত (রেকর্ড) করার পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্য থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ আসে। তাই কিছুটা দেরিতে হলেও তিনি বাদী হয়ে মামলা করেন। তবে এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খবির উদ্দিন সরদার বলেন, মামলাসহ আর যা যা পদক্ষেপ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নেওয়া হয়েছে, তা বিদ্যালয়ের স্বার্থেই করা হয়েছে। মামলাটি করায় ওই শিক্ষককে পুনর্বহালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সুপারিশ করা চিঠি কার্যকরের আর সুযোগ থাকছে না। বিষয়টা এখন আইনি প্রক্রিয়ার অধীনে চলে গেছে। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয় সব সময় বিদ্যালয়ের কল্যাণ চান। তিনি হয়তো পরিবারের সদস্যদের কথা মানবিকভাবে বিবেচনা করে ওই শিক্ষককে পুনর্বহালের চিঠি দিয়েছিলেন। এখন সেটা আইন-আদালত বিবেচনা করবেন।’
ওই বিদ্যালয়ে গত ১৪ অক্টোবর এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটলে বিদ্যালয় কমিটি ২০ অক্টোবর এক সভায় অভিযুক্ত শিক্ষক নাসিম আলীকে শারীরিক শাস্তি দেন। ২২ অক্টোবর প্রথম আলোতে ‘ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে শারীরিক শাস্তি’ শিরোনামে খবরও প্রকাশিত হয়। পরে অভিভাবকদের চাপের মুখে বিদ্যালয় কর্তৃপক্ষ ২৯ অক্টোবর আবার সভা ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। কিন্তু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে ওই শিক্ষককে স্বপদে পুনর্বহালের জন্য সুপারিশ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি দেন। গত ২০ ফেব্রুয়ারি প্রধান শিক্ষকের কাছে চিঠিটি জমা দেওয়া হয়।