শ্লীলতাহানির অভিযোগ ওঠায় আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠার পর গতকাল সোমবার আত্মহত্যা করেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মধ্য চারিগ্রামের বাসিন্দা নূর উদ্দিন (৫৫)। আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগে পুলিশ এক গৃহবধূ ও তাঁর ছোট বোনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নূর উদ্দিনের কাছ থেকে একই গ্রামের কুব্বত আলীর স্ত্রী প্রায় এক বছর আগে ৫০ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাইলে ওই গৃহবধূ টালবাহানা করে আসছিলেন। গত রোববার দুপুরে ওই গৃহবধূ নূর উদ্দিনের মুঠোফোনে কল করে বাসায় গিয়ে টাকা আনতে বলেন। এরপর নূর উদ্দিন ওই বাড়িতে গেলে ওই গৃহবধূ তাঁকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ করেন ওই গৃহবধূ। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন গতকাল বিকেলে গ্রাম্য সালিসের আয়োজন করেন।নূর উদ্দিনের ভাই লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা অভিযোগে সালিস ডাকায় আমার ভাই ক্ষোভে-দুঃখে ও লজ্জায় দুপুরে (গতকাল) বিষাক্ত তরল পদার্থ পান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’যোগাযোগ করা হলে ওই গৃহবধূ সাংবাদিকদের কাছে দাবি করেন, নূর উদ্দিন তাঁর কাছে কোনো টাকা পেতেন না। রোববার দুপুরে নূর উদ্দিন তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন।চারিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজেদুল আলম বলেন, ওই গৃহবধূর কাছে নূর উদ্দিন ৫০ হাজার টাকা পাবেন—এমন কথা আমিও শুনেছি। এর আগেও ওই গৃহবধূ একই উপায়ে আরেক ব্যক্তির কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে।