শ্লীলতাহানির অভিযোগে চেয়ারম্যান গ্রেপ্তার
এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আবদুল বারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাঁধঘাটা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই গৃহবধূ গত বৃহস্পতিবার শ্যামনগর থানায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ তাঁর স্বামীকে উপজেলা পরিষদে কম্পিউটার সহকারী পদে চাকরি দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে তিন লাখ ৪৬ হাজার টাকা দেন। কিন্তু চাকরি না হওয়ায় তিনি চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান। পর্যায়ক্রমে চেয়ারম্যান দুই লাখ ৮০ হাজার টাকা ফেরত দেন। বৃহস্পতিবার বাকি টাকা ফেরত দেওয়ার কথা বলে চেয়ারম্যান ওই গৃহবধূকে তাঁর বাসভবনে নিয়ে যান। সেখানে গেলে চেয়ারম্যান তাঁর শ্লীলতাহানি করেন এবং আপত্তিকর প্রস্তাব দেন। একপর্যায়ে ওই গৃহবধূ সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন।উপজেলা চেয়ারম্যান আবদুল বারী দাবি করেন, ঘটনাটি ষড়যন্ত্রমূলক। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনাটি সাজিয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর জানান, গ্রেপ্তারের পর উপজেলা চেয়ারম্যানকে গতকালই সাতক্ষীরার বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আবদুল বারী উপজেলা জামায়াতের সাবেক আমির।