শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত শিক্ষককে ফের নিয়োগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী শিক্ষককে আবার নিয়োগ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তার আদেশ অনুযায়ী আমি কর্মস্থলে যোগদান করেছি।’ওই শিক্ষক গত ১০ সেপ্টেম্বর কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। মেয়েটি বাড়িতে গিয়ে মা-বাবাকে বিষয়টি জানালে পরদিন ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ১২ সেপ্টেম্বর তিনি ঘটনার তদন্ত করে এর সত্যতা পান। তিনি তদন্ত প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠিয়ে দেন। জেলা শিক্ষা কর্মকর্তা অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। ২৭ সেপ্টেম্বর বিভাগীয় তদন্তের জন্য জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ান হোসেনকে দায়িত্ব দেন। রেজওয়ান হোসেন জানান, তিনি তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন এবং গত ১১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।জেলা শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, বিভাগীয় চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। প্রশাসনিক অনুমতি ছাড়া বদলি বন্ধ থাকায় তাঁকে ১ জানুয়ারি আবার ওই বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক অনুমতি জানুয়ারি থেকে শুরু হয়েছে। শিগগিরই তাঁকে অন্যত্র বদলি করা হবে।