শ্লীলতাহানির অভিযোগে মামলা, বাদীকে হুমকি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কুঞ্জমহিপুর গ্রামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার বাদীকে হুমকি দেওয়া হয়েছে। বাদীকে ওই মামলার আসামি এক শিক্ষক মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী গত ২৫ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেবের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় শিক্ষক ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে ২৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাদুল্যাপুর থানায় মামলা করেন।ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে গড়িমসি করছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষক ও তাঁর লোকজন মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে।’ সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, পলাতক থাকায় শিক্ষক আবু তালেবকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ঘটনাটির তদন্ত চলছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর শিক্ষক আবু তালেবকে পার্শ্ববর্তী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক আবু তালেব বলেন, ‘পড়া তৈরি করে না আসায় ওই ছাত্রীকে সামান্য মারধর করা হয়। অথচ একটি মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।’