শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
ঝালকাঠিতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদ্দুজ্জামান গত বছরের ৬ ডিসেম্বর শিক্ষকের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।ওই ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কীর্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম মিয়া (৪৪) গত বছরের ১৬ নভেম্বর বেলা ১১টায় এক ছাত্রীকে প্রধান শিক্ষকের কক্ষে ডেকে এনে শ্লীলতাহানির চেষ্টা করেন। ২৬ নভেম্বর ওই ছাত্রীর মা ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ৬ ডিসেম্বর সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করেন এবং কাঁঠালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেন। ১০ জানুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে।তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষক সেলিম মিয়াকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেন। ১০ ফেব্রুয়ারি তিনি (সেলিম মিয়া) নোটিশের লিখিত জবাব দেন। এতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদ্দুজ্জামান জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই ছাত্রীর মা ও বাবা জানান, কেউ তাঁদের হুমকি দিচ্ছে না। শিক্ষক সেলিম মিয়া ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।