শ্লীলতাহানির চার দিন পর মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চার দিন পর গতকাল বৃহস্পতিবার পুলিশ মামলা নিয়েছে।জানা গেছে, গত সোমবার বান্ধবীর কাছ থেকে ওড়না ধার করে পরিবারের সদস্যদের দৃষ্টি এড়িয়ে এক তরুণের হাত ধরে পালিয়ে যায় এক স্কুলছাত্রী। বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়া ওই ছাত্রীর অভিভাবকেরা গত সোমবার ওই ছাত্রীর বান্ধবীকে তার বাড়ি থেকে তুলে এনে লাঠিপেটা ও শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করেন। চার দিন ধরে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দিন সে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ গড়িমসি করে অবশেষে গতকাল তা মামলা হিসেবে গ্রহণ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দুজন উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ডাকরা কারিগরি বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী। বোরকা দেওয়ার অপরাধে ভায়ালক্ষ্মীপুর গ্রামের শফিক (২৬), রবিউল (২৮), হায়দার আলী (৪০), নূর হক (২২), জলিল (৩৫) ওই ছাত্রীর বান্ধবীকে তার বাড়ি থেকে তুলে এনে সাবেক ইউপি সদস্য হামিদের বাড়িতে আটকে নির্যাতন চালায়। মেয়ের মা অভিযোগ করেন, তারা তাঁর মেয়েকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে লাঠি দিয়ে পিটিয়েছে ও গায়ের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করেছে। এতে তাঁর মেয়ের কোমর থেকে নিচের দিকে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তিনি জানান, তাঁর স্বামী রিকশাচালক। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। এ জন্য মেয়ে তখন বাড়িতে একা ছিল। এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে সোমবার বিকেলে চারঘাট থানায় একটি অভিযোগ দেয়। ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, তিনি ও স্থানীয় ইউপি সদস্য খয়বর আলী মেয়েটিকে হামিদের বাড়ি থেকে উদ্ধার করেন। দুই পক্ষের সঙ্গেই কথা হয়েছিল, মেয়েটি সুস্থ হলে ঘটনার মীমাংসা করে দেওয়া হবে। সাবেক ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ‘এই মেয়েটি আমার এক আত্মীয়কে বোরকা পরিয়ে অন্য ছেলের সঙ্গে বাইরে পার করে দিয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা মেয়েকে উদ্ধারের জন্য এই মেয়েকে ধরে আনি। তার কাছে বিস্তারিত জানতে পেরেছি। তার স্বীকারোক্তি অনুযায়ী মেয়েকে উদ্ধার করা গেছে। তবে আমরা কেউ মেয়ের গায়ে হাত তুলিনি। মেয়ের মা নিজেই তাকে শাসন করেছেন।’ চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক খান বলেন, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি আপস-মীমাংসার উদ্যোগ নেওয়ায় এ কয়দিন মামলা নেওয়া হয়নি।