শ্লীলতাহানির চেষ্টা দুই তরুণের, কিশোরী সংজ্ঞাহীন
ফরিদপুরে দুই তরুণ কর্তৃক শ্লীলতাহানির চেষ্টার সময় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী আহত হয়েছে। তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, ওই কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ বছরের ওই কিশোরী কৃষ্ণনগর ইউনিয়নের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বছর সে এসএসসি পরীক্ষা দেবে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয় থেকে অতিরিক্ত ক্লাস করে হেঁটে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। পথে উজান মল্লিকপুর গ্রামের দুই তরুণ সাদ্দাম হোসেন (২৫) ও তাঁর চাচাতো ভাই ফজলু ঢালি (২৪) ওই শিক্ষার্থীর পথরোধ করে তার শ্লীলতাহানির চেষ্টা চালান। একপর্যায়ে ওই শিক্ষার্থী রাস্তার ওপর পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে ওই দুই তরুণ পালিয়ে যান। পরে এলাকাবাসী আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, ওই শিক্ষার্থীকে ফিমেল সার্জারি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা পৌনে দুইটার দিকে তার জ্ঞান ফিরে এসেছে। তিনি বলেন, ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেছিল ওই কিশোরী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ ঘটনায় ওই বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে ওঠে। পরে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদী হয়ে ওই দুই তরুণের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।