শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্কুলপড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গত সোমবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মাদ্রাসাপড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
থানা-পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত আটটার দিকে তিন ছাত্রী কোচিং শেষে বাড়ি ফিরছিল। এ সময় নালিতাবাড়ী-কাকরকান্দি সড়কে মোটরসাইকেলের আরোহী দুই তরুণ নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ওড়না ধরে টান দেয়। তরুণেরা ওই ছাত্রীর হাত টেনে ধরে জোর করে তাকে মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করে। এ সময় ছাত্রীদের চিৎকারে এলাকাবাসী এসে ওই দুই তরুণকে আটক করেন। বিচারের জন্য রাতেই তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে নিয়ে যাওয়া হয়। এ সময় যুবলীগের এক নেতা, স্থানীয় উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা বিচারে বাধা দেন। যুবলীগের নেতা ওই দুই তরুণকে মারধর করে ব্যক্তিগত গাড়িতে করে নিয়ে গিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় মেয়েটির বাবা সোমবার দুপুরে ওই দুই তরুণ এবং ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই পাঁচজনকে গ্রেপ্তার করে রাতেই শেরপুর পাঠায়।
মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘ওই দুই তরুণের বিচার না করে ছেড়ে দেওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছি। তাঁদের শাস্তি চাই। এলাকায় যেন আর কেউ কোনো মেয়ের সঙ্গে এ ধরনের আচরণ করতে না পারে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, দুই তরুণ মূল অপরাধী। তাদের পুলিশের হাতে সোপর্দ করা প্রয়োজন ছিল। তাদের ছেড়ে দেওয়া ঠিক হয়নি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান গতকাল বলেন, গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে দক্ষিণ কালিগর গ্রামের মো. নুরে আলম (২৮) দীর্ঘদিন ধরে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় সোমবার মেয়েটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে। এর ভিত্তিতে গতকাল দুপুরে বাড়ি থেকে নুরে আলমকে আটক করে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে ইউএনও ও নির্বাহী হাকিম তরফদার সোহেল রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরে আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম রহমান বলেন, দণ্ড পাওয়া তরুণকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।