শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় আদিবাসীপাড়ায় হামলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক আদিবাসী গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করার প্রতিবাদ করায় বখাটেরা এবার আদিবাসীপাড়ায় হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হন। গত মঙ্গলবার রাতে উপজেলার সামনেরখীল আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আদিবাসীপাড়ার এক গৃহবধূ (২৭) পাড়ার একটি দোকানে চাল কিনতে যান। এ সময় ওই দোকানে বসে থাকা দক্ষিণ অলীনগর গ্রামের আরিফ, ভুট্টু, জাহাঙ্গীরসহ পাঁচ-ছয়জন বাঙালি তরুণ ওই গৃহবধূর উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে থাকে। প্রতিবাদ করলে ওই তরুণেরা গৃহবধূর হাত ধরে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলের কাছে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গৃহবধূর ভাই ও পাড়ার অন্য আদিবাসীরা এ ধরনের আচরণের প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে ওই তরুণেরা ফিরে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, কিছুক্ষণ পরে ওই তরুণদের সঙ্গে আরও ৪০-৫০ জন সামনেরখীল আদিবাসী পাড়ায় এসে হামলা চালায়। এতে মণিমালা ত্রিপুরা (২০), সুমালী ত্রিপুরা (২৫) ও খোকন ত্রিপুরা আহত হন। এ খবর পেয়ে করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ জসিম, মিরসরাই থানার উপপরিদর্শক মো. ইকবাল হোসেনসহ কয়েকজন ঘটনাস্থলে এলে বখাটেরা পালিয়ে যায়। সুলতান মোহাম্মদ জসিম জানান, ওই বখাটেরা প্রায়ই আদিবাসীপাড়ায় গিয়ে নানা অপরাধ করে। তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, হামলার ঘটনায় কিছু বখাটে তরুণের নাম পাওয়া গেছে। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।