শ্লীলতাহানির চেষ্টায় বাধা দিলে গৃহকর্মীকে খুন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিশ সংযোগ দেওয়ার নামে বাসায় ঢুকে গৃহকর্মী হালিমার শ্লীলতাহানি চেষ্টা করেন সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সুমন আলী (২৪)। এতে বাধা দেওয়ায় হালিমাকে খুন করেন তিনি। খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুমন আলী পুলিশের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন। পরে মুখ্য মহানগর হাকিমের আদালতেও দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি এসব কথা স্বীকার করেন। মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে সবুজবাগ থানার একদল পুলিশ আশুলিয়ার জিরাবতে অভিযান চালিয়ে সুমন আলীকে গ্রেপ্তার করে। লুট করা টাকা ও একজোড়া স্বর্ণের কানের দুল তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়। উপকমিশনার বলেন, খুনের আগের দিন গত মঙ্গলবার সুমন তাঁর এক সহযোগীকে নিয়ে সবুজবাগের আহম্মদবাগের পোশাক কারখানার কর্মকর্তা আসাদুজ্জামানের বাসায় গিয়ে ডিশ সংযোগ দেন। সেখানে জানতে পারেন, সকাল থেকে দুপুর পর্যন্ত গৃহকর্মী বাসায় একা থাকে। গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই মেয়ে বাইরে থাকেন। সুমন পুলিশকে বলেন, ঘটনার দিন বুধবার ডিশ সংযোগ মেরামত করার কথা বলে তিনি ওই বাসায় ঢুকে হালিমার শ্লীলতাহানির চেষ্টা করেন। হালিমা এতে বাধা দিলে তিনি তার গলা টিপে ধরেন। এতে সে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর হালিমার ওড়না দিয়েই ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেন। পরে ওই বাসার আলমারির তালা ভেঙে দুই টাকার ১৬১টি নোট ও একজোড়া স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যান।পুলিশ কর্মকর্তারা জানান, হালিমাকে খুন করে সুমন নিজের স্যান্ডেল ওই বাসায় রেখে গিয়েছিলেন। জব্দ করা স্যান্ডেল পরে শনাক্ত করা হয়।