শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড, ছাত্রীর আত্মহত্যা
বিদ্যালয়ে যাওয়ার পথে ব্যাগ ধরে টানাটানির অপমান সইতে না পেরে জয়পুরহাটের কালাইয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এর আগে ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কাওসার আহম্মেদ (২০) নামে এক তরুণকে এক বছরের কারাদণ্ড দেন।
কালাই থানার পুলিশ ও শাবানা আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার কালাই উপজেলার চর বাখড়া গ্রামের মীর আলী মণ্ডলের একমাত্র মেয়ে শাবানা আক্তার (১৪) ভ্যানযোগে মোলামগাড়ী উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের গেটের কাছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব চক পাকুরিয়া গ্রামের কাওসার আহম্মেদ শাবানার স্কুল ব্যাগ ধরে টানাটানি করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক আবদুল বারিককে জানালে তিনি কাওসারকে আটক করেন।
বিষয়টি কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহমেদকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাওসারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বুধবার রাতে শাবানা আক্তার নিজ বাড়ির শয়নকক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, শাবানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাবানার চাচা কালাই থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
কালাইয়ের ইউএনও মোস্তাক আহমেদ মুঠোফোনে জানান, বিষয়টি শোনার পর শাবানা আক্তারকে জিজ্ঞাসা করলে সে আদালতকে বলেছিল, কাওসার তার ব্যাগ ধরে টানাহেঁচড়া করে ভ্যান থেকে নামানোর চেষ্টা করে। এই অভিযোগের বিষয়ে কাওসার আহম্মেদকে জিজ্ঞেস করলে তিনি শাবানাকে ভালোবাসার কথা বলেন। পরে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনার পর শাবানা কেন আত্মহত্যা করল বিষয়টি তাঁর বোধগম্য নয়।
মোলামগাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারিক জানান, শাবানা আক্তার মোলামগাড়ী উচ্চবিদ্যালয়ের কারিগরি বিভাগের নবম শ্রেণীর ছাত্রী। তিনি আরও জানান, শাবানার ব্যাগ ধরে টানাহেঁচড়া করার কারণে কাওসারকে প্রথমে আটকে রাখা হয়। এরপর বিষয়টি জানাজানি হলে উত্তেজিত কিছু লোকজন তাঁকে মারতে আসে। এ জন্য ইউএনওর কাছে বিষয়টি জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই রায় প্রদান করেন।
শাবানার খালু তোজাম্মেল হোসেন ও খালাতো ভাই হাসপাতালের মর্গে জানান, ব্যাগ ধরে টানাটানি, ভ্রাম্যমাণ আদালত সবকিছু মিলিয়ে সে হয়তো এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।