শ্লীলতাহানির দায়ে দুই বখাটের কারাদণ্ড
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক তরুণীর শ্লীলতাহানি করার দায়ে শরিফুল ও দুলাল নামের দুই বখাটে তরুণকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমান ওই সাজার আদেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ওই তরুণী রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। পথে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাঁচ বখাটে রিকশার গতিরোধ করে ওই তরুণীর শ্লীলতাহানি করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ওই দিন রাতেই মেয়েটির বাবা নাগেশ্বরী থানায় অভিযোগ করলে পুলিশ শরিফুল ও দুলালকে আটক করে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের ওই সাজার আদেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ওই দুই তরুণকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।