শ্লীলতাহানির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
পটুয়াখালীর বাউফলে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় আটক মেহেদী হাসান (২২) নামের এক বখাটে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়ে তাঁকে মুক্তি দেন। মেহেদীর বাড়ি উপজেলার নাজিরপুর গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান আদালতের নেতৃত্ব দেন।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে একাদশ শ্রেণীর ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের বাড়ির সামনের সেতুর কাছে পৌঁছালে মেহেদী হাসান তার শ্লীলতাহানি করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তিনি পালিয়ে যান।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ মেহেদী হাসানকে নাজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেদীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, এত বড় একটি ঘটনায় শুধু অর্থদণ্ড দেওয়া উচিত হয়নি।ইউএনও বলেন, মেহেদী হাসানও ছাত্র। তাঁর ভবিষ্যৎ চিন্তা করে জেল দেওয়া হয়নি।