শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শ্লীলতাহানির শিকার হওয়ার পর অষ্টম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রিপা খাতুন (১৩)। মৃত রিপা স্থানীয় বুড়িমারী হাসর উদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্রী। এলাকাবাসী ও রিপার পরিবারের ভাষ্যমতে, উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আজিজুল ইসলামের চার সন্তানের মধ্যে রিপা খাতুন ছোট। গত সোমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে রিপা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। একই এলাকার মো. বড়বাউয়ের ছেলে আমিনুর ইসলাম (২০) ও আবদুল জব্বারের ছেলে মমিনুর রহমান (২১) রাস্তায় রিপাকে একা পেয়ে গতিরোধ করেন। তাঁরা তাকে জোর করে একটি বাড়িতে নিয়ে শ্লীলতাহানি করেন। একপর্যায়ে সেখানে লোকজন গেলে তাঁরা মেয়েটিকে রেখে পালিয়ে যান। এ ঘটনার পর রিপা বাড়ি ফিরে বেলা দুইটার দিকে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।রিপার মামাতো ভাই নাজমুল ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের প্রভাবশালী ব্যক্তি মো. বড়বাউয়ের ছেলের সঙ্গে আগে রিপার প্রেমের সম্পর্ক ছিল। রিপা দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় বড়বাউ তা মেনে নেননি। তিনি ছেলেকে অন্যত্র বিয়ে দেন। বিয়ের পরও ছেলেটি রিপার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকেন। মেয়েটি তাতে রাজি হয়নি। এর পর থেকে রিপাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলেন আমিনুর। গত সোমবার আমিনুর ও মমিনুর রাস্তা থেকে মেয়েটিকে তুলে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। লজ্জা ও অপমানে রিপা বাড়ি ফিরে আত্মহননের পথ বেছে নেয়।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, রিপার লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা আজিজুল ইসলাম আমিনুর ও মমিনুরকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও বড়বাউ বা তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে অপর আসামি মমিনুরের বাবা আবদুল জব্বার দাবি করেন, ওই ঘটনায় তাঁর ছেলে জড়িত নন।