শয়নকক্ষ থেকে নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
সিলেট নগরের মধুশহীদ এলাকার একটি বাসার শয়নকক্ষ থেকে গতকাল মঙ্গলবার আয়েশা ইসলাম চৌধুরী নামের এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আয়েশা (৬৫) সিলেটের দক্ষিণ সুরমার ধরধরাপুর গ্রামের প্রয়াত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। মধুশহীদ এলাকার ২১/১ নম্বরের ওই দোতলা বাসার দ্বিতীয় তলায় আয়েশা একা থাকতেন। এটি তাঁর যুক্তরাজ্য-প্রবাসী এক বোনের বাসা। নিচতলায় একটি পরিবার ভাড়া থাকে।নিচতলার ভাড়াটে মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, আয়েশার বোন সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। আয়েশার এক পালক ছেলে আছেন, তিনিও বিদেশে থাকেন। আয়েশাকে দেখাশোনার জন্য একটি কাজের ছেলে ছিল, সেও প্রায় তিন দিন আগে বাড়ি চলে যায়। গতকাল সকালে দোতলার একটি জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা পুলিশে খবর দেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে আয়েশার শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর তাঁর আগুনে পোড়া লাশ পাওয়া যায়। ওই অবস্থায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।