শয়নকেক্ষ বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ
রাজধানীর উত্তর কাফরুলে গত মঙ্গলবার গভীর রাতে সুফিয়া খাতুন (৬৬) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ৷ তবে গতকাল বুধবার পর্যন্ত এ হত্যাকাণ্ডের কারণ বা জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো সূত্র মেলেনি৷ তবে পুলিশের ধারণা, চুরি বা ডাকাতি করতে আসা দুর্বৃত্তদের হাতে সুফিয়া খুন হয়েছেন।
পুলিশ জানায়, উত্তর কাফরুলের ৯৮ নম্বর বাড়িতে (টিনশেড) ছেলে সৈয়দ শাহ আহম্মেদ বায়েজিদের সঙ্গে থাকতেন সুফিয়া। আর তাঁর দুই মেয়ের একজন সুইডেনপ্রবাসী, অপরজন ডেমরার কোনাবাড়ী এলাকায় থাকেন। ছেলে বায়েজিদ একটি এয়ারলাইনসে কাজ করেন।
স্বজনেরা জানান, এ টিনশেড বাড়ির সাতটি কক্ষে শুধু মা-ছেলেই থাকতেন। গতকাল রাত আটটার দিকে ওই বাড়ির প্রধান ফটক খোলা দেখে প্রতিবেশীরা ফটক বন্ধ করে দেওয়ার জন্য সুফিয়াকে ডাক দেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে কয়েকজন বাসায় ঢুকে ঘরের ভেতরে সুফিয়ার মৃতদেহ দেখতে পান। এ সময় তাঁর মৃতদেহ কাপড় দিয়ে খাটের সঙ্গে বাঁধা ছিল। হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং গলায় ওড়না জড়ানো ছিল। পরে বিষয়টি নিহতের ছেলে বায়েজিদকে জানান প্রতিবেশীরা। বায়েজিদ ও অন্য স্বজনেরা আসার পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। রাত পৌনে দুইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
কাফরুল থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, নিহতের স্বজনেরা হত্যার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘরটি ছিল এলোমেলো। এ কারণে ধারণা করা হচ্ছে, চুরি-ডাকাতির উদ্দেশ্যে কেউ সেখানে ঢুকেছিল। সুফিয়া তাঁদের বাধা দেওয়ায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। টিনশেড বাড়িটির পাশেই বস্তি এলাকা। সেখানকার কেউ এ হত্যাকাণ্ডে জড়িত িক না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের ছেলে আহম্মেদ বায়েজিদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই, কারও সঙ্গে বিরোধ নেই। তাই কে এমন ঘটনা ঘটাতে পারে, তা বুঝতে পারছি না।’