ষড়যন্ত্র করে অগ্রগতি ঠেকানো যাবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসে তিন দিনের সরকারি সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। এই সফরের সময় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছে।
সফরকালে শেখ হাসিনা ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন তিনি। সংবর্ধনায় প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে পারবে না। খবর বাসসের।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল বিকেল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার রাতে হেগের কুরহাউস হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে পারবে না। তাঁর সরকারের নির্দেশনা, জনগণের অদম্য স্পৃহা এবং প্রবাসীদের অব্যাহত সমর্থন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ২০২১ সালের আগেই বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্য জয় করে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন; তাঁরা চলতি বছর ২৭ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এক-এগারো-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তখনকার তত্ত্বাবধায়ক সরকার লন্ডন থেকে তাঁকে দেশে ফিরতে দিতে চায়নি। তখন প্রবাসী বাংলাদেশিরা তাঁর সমর্থনে এগিয়ে এসেছিলেন। শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনার আগে শেখ হাসিনা ডাচ ব্যবসায়ী ও শিল্প-সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বিনিয়োগ, বাণিজ্য, মুনাফা এবং সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী ডাচ ব্যবসায়ীদের বলেন, বাংলাদেশের বিনিয়োগ নীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার।
৩ নভেম্বর আমস্টারডাম পৌঁছান শেখ হাসিনা।