
দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিজ সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি ষড়যন্ত্র দেখে আসছি। আমি এগুলো পরোয়া করি না। আমি বিশ্বাস করি, যত দিন মহান আল্লাহ ও বাংলার জনগণ পাশে রয়েছেন; মা-বাবার দোয়া ও আশীর্বাদ রয়েছে, তত দিন এই লক্ষ্য অর্জনকে কেউ ঠেকাতে পারবে না।’
প্রধানমন্ত্রী তাঁর ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর প্রবাসজীবন থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ১৯৮১ সালের এ দিনটিতে দেশে ফেরেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দিবসটি উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘যেদিন ৩০ জুলাই আমি আর রেহানা দেশ ছেড়ে যাই, সেই সময় বিদেশে যাওয়া ছিল স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু সেবার বিদেশে যেতে যেন কিছুতেই মন টানছিল না। আমরা খুব কাঁদছিলাম। কিন্তু যেতে হলো। আর এই ১৭ মে যেদিন ফিরে আসি, সেদিন লাখো মানুষ। হাজার হাজার মানুষের ভিড়ে আমি ৩০ জুলাই যাঁদের রেখে গিয়েছিলাম, তাঁদের কাউকে পাইনি। আর বনানীতে গিয়ে পেলাম সারি সারি কবর। একটাই লক্ষ্য নিয়ে সেদিন ফিরেছিলাম, এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব। সেটাই যেন করতে পারি। আর কোনো চাওয়া-পাওয়া নেই।’
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে ঘরের শত্রু বিভীষণ। ঘরের ভেতর থেকে শত্রুতা না করলে বাইরের শত্রু সুযোগ পায় না। যাঁরা এতে জড়িত, তাঁদের অনেকে আমাদের বাসায় আসা-যাওয়া করতেন। এ ষড়যন্ত্রের সঙ্গে জিয়া জড়িত ছিলেন। জিয়ার যে পারিবারিক সমস্যা ছিল, তা সমাধানে সেনাবাহিনীতে এক পদ সৃষ্টি করে সেখানে তাঁকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল। তাঁর পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়া হয়েছিল।’
রাজধানীকে বাসযোগ্য করার চেষ্টা চলছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনে কোনো পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় রাজধানীর উন্নয়নে সব পরিকল্পনা বাস্তবায়নে বহুমুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঢাকাকে একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গতকাল প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ঢাকা মহানগরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ কথা বলেন। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ মহানগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১০টি প্রকল্প নিয়ে তাঁদের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
কোনো অঞ্চলে মানুষ উপেক্ষিত থাকবে না
ক্ষুদ্র জাতিসত্তাকে সমাজের মূলধারায় ফিরিয়ে এনে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে তিনি তাঁর কার্যালয়ে ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে বৃত্তি হিসেবে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ১৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।