ষষ্ঠ দফায় অন্তর্বর্তীকালীন জামিন সাংসদ মনজুরুলের
এক শিশুকে গুলি করার ঘটনায় হওয়া মামলার আসামি গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের ষষ্ঠ দফায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ আগামি ১০ এপ্রিল ধার্য তারিখ পর্যন্ত জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন।
সাংসদ মনজুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সোমবার দুপুরে সাংসদ মনজুরুলের স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত আগামি ১০ এপ্রিল ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি একই আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত আজ সোমবার পর্যন্ত সাংসদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
গত বছরের ২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। ৩ অক্টোবর রাতে সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। ওই বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওইদিন দুপুর ১২টার দিকে তাঁকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪ দিন কারাভোগের পর গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।