সহিংসতার মধ্যেই ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট শুরু
ইউপি নির্বাচন ঘিরে হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা থেমে নেই। গত শনিবারও কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ও চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন সংঘাত, সহিংসতার মধ্যেই আজ সোমবার ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে পাঁচটি ধাপে ৩ হাজার ৫৫০টি ইউপিতে ভোট গ্রহণ হয়েছে। এসব ভোটের আগে-পরে ও ভোটের দিন বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। নির্বাচন নিয়ে সহিংসতায় সারা দেশে এ পর্যন্ত ৯৫ জনের প্রাণহানি হয়েছে।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের রহমান ফকিরের মাজারসংলগ্ন নৌকা প্রতীকের ক্যাম্পে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে কুপিয়ে জখম করা হয়। তাঁরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। শনিবার রাত ৯টা থেকে সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।
এ ঘটনার জন্য আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মিঠু ও তাঁর সমর্থক একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সরকারকে দায়ী করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে মহিউদ্দিন মিঠু ওই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের সমন্বয়ক মো. ওমর ফারুক বাদী হয়ে ধামতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান সরকারসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) মহিউদ্দিন মিঠু এবং সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান সরকারের নেতৃত্বে একদল নেতা-কর্মী নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের অকথ্য ভাষায় গালমন্দ করতে করতে রামদা, রড, লাঠিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে নৌকা প্রতীকের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালান। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই নৌকা প্রতীকের সমর্থক মো. দুলাল ও আনারস প্রতীকের সমর্থক রুবেল আহমেদকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বারের ইউএনও মো. আশিক-উন-নবী তালুকদার রাত আটটার পর নির্বাচনী কার্যালয় খোলা রাখায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকার প্রার্থী মো. জসিম উদ্দিনকে ৫০ হাজার ও রাতে সংঘবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণাকালে সাংঘর্ষিক পরিস্থিতির জন্য আনারস প্রতীকের মহিউদ্দিন মিঠুকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর টাকা আদায় করে আটক দুজনকে ছেড়ে দেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিনের প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ধর্মপুরের চাঁদেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার রাতে ধর্মপুরের ফকিরপাড়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার রাত আটটার দিকে নৌকা প্রতীকের প্রচারণার একটি সিএনজিচালিত অটোরিকশা বিশ্বহাট এলাকা হয়ে মাইকিং করতে করতে মাস্টারহাটের দিকে যাচ্ছিল। প্রচারণার অটোরিকশাটি চাঁদেরপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর ৮ থেকে ১০ জন সমর্থক অতর্কিত হামলা চালিয়ে প্রচারণার গাড়ির কাচ ও মাইক ভাঙচুর করে পালিয়ে যান।
ইলিয়াছ চৌধুরী বলেন, ‘আমি এখনো এলাকায় যেতে পারিনি। তা ছাড়া এলাকায় আমার জনপ্রিয়তা থাকলেও ভয়ে আমার কর্মী-সমর্থকেরা প্রকাশ্যে প্রচার-প্রচারণা করতে সাহস পাচ্ছেন না। সেখানে আমার লোকজন প্রচারণার গাড়ি ভাঙচুর করেছেন, এ কথা পুরোপুরি মিথ্যা।’