ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচলাবস্থার নিরসন না করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে। সকাল নয়টায় নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের আনুষ্ঠানিকতা নেই বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও তাঁদের স্বজনেরা উৎকণ্ঠায় রয়েছেন।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈনউদ্দিন সফিকুর রহমান চিশতির ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এ অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঈনউদ্দিন সফিকুর রহমান চিশতির অনুসারীরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের বাস আটকে দিচ্ছে। যে কারণে শহর ও শহরতলিতে থাকা ৭০ ভাগ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না। এমন নিরাপত্তাহীন অবস্থার মধ্য দিয়ে আজ রোববার ১৪ বিভাগের ৭০০ নবীন শিক্ষার্থীকে ক্লাসে যাওয়ার জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তদন্ত কমিটির প্রধান মো. আবু তাহের প্রথম আলোকে জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যে আমরা আহত শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপাচার্য মহোদয়ের কাছে জমা দিয়েছি। এখন উপাচার্য মহোদয় এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বলেন, ‘শিগগির তদন্ত কমিটির প্রতিবেদন বাস্তবায়িত হবে। একই সঙ্গে আজ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।’