ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তার চাচাতো ভাই ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবার বলছে, ওই ছাত্রী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ছাত্রীর বাবা গতকাল সোমবার মাগুরার শালিখা থানায় একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, বিয়ের কথা বলে ছাত্রীকে তার চাচাতো ভাই ধর্ষণ করত। ওই ছেলেটি দশম শ্রেণির ছাত্র। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মাসখানেক আগে ডাক্তারি পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে দুই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, তাদের বিয়ে দেবেন। কিন্তু এখন বিয়েতে টালবাহানা করায় মামলা করেন শিশুটির বাবা।
শিশুটির বাবা জানান, তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। তখন জানা যায় সে অন্তঃসত্ত্বা। তখন সে তার চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কের কথা জানায়।
ওসি বলেন, ওই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।