প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আত্মকর্মসংস্থানের জন্য ষষ্ঠ শ্রেণী থেকে অন্তত একটি বিষয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দেওয়া হবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েদের এমনভাবে শিক্ষা দেওয়া হবে, যাতে কর্মক্ষেত্রে গিয়ে তারা নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
গতকাল বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২০তম জাতীয় সম্মেলন ও ৩৮তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার দেশে বৃত্তিমূলক শিক্ষা প্রসারিত করতে প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার ব্যাপারে আমাদের সরকারই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ শিক্ষাই জাতি ও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা সেদিকে লক্ষ্য রেখে জনশক্তিকে সুদক্ষভাবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।’
বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়তে সবার সমর্থন কামনা করে শেখ হাসিনা বলেন, ২০১৩ সাল থেকে বিএনপি-জামায়াতের মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক কার্যকলাপের সময় অনেকে বলেছিলেন, অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু সরকার ওই নৈরাজ্য মোকাবিলা ও দেশকে সঠিকপথে এগিয়ে নিতে কাজ করেছে।
শেখ হাসিনা বলেন, ‘অনেকে আবার আমাদের অগ্রগতি পছন্দ করেন না। তাঁরা জাতিকে পরনির্ভর করে রাখতে চান। কিন্তু আমরা অরাজকতা ও সহিংসতামুক্ত একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জাতি গঠন করতে চাই।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আইডিইবির সদস্যপদ প্রদান করা হয়। তাঁর হাতে সদস্যপদের সনদ তুলে দেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। সদস্যপদ প্রদান করায় শেখ হাসিনা সংগঠনটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিইবির সাধারণ সম্পাদক শামসুল আলম সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে পাঁচজনকে আইডিইবি সম্মাননা পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।
পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাংসদ রহমত আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, আইডিইবির সাবেক সভাপতি শফিউদ্দিন সরকার, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আবদুল জাব্বার খান ও রমানন্দ মল্লিক।