মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে মুহাম্মদ রুকুন-উজ-জামান রতন ও মো. ওহীদুজ্জামান রচিত ষষ্ঠ শ্রেণীর প্রমিত বাংলা ব্যাকরণ ও রচনা সম্ভার সহায়ক বইয়ের অনুমোদন বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রগতি প্রেস অ্যান্ড পাবলিকেশনস থেকে বইটি প্রকাশিত। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, এনসিটিবি তিন দিনের মধ্যে প্রগতি প্রেস অ্যান্ড পাবলিকেশনসের স্বত্ব্বাধিকারীকে বইটি বাজার থেকে প্রত্যাহার করে ধ্বংস করতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে প্রকাশনা সংস্থাটিকে এনসিটিবির কালো তালিকাভুক্ত করার জন্য এ-সংক্রান্ত নথি গতকাল এনসিটিবির জরুরি বোর্ড সভায় উপস্থাপন করা হয়। এনসিটিবির একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সংস্থাটিকে পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন বইটি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন।এ ছাড়া সহায়ক পাঠ্যবই মূল্যায়নের জন্য গঠিত স্বতন্ত্র পাঠ্যপুস্তক মূল্যায়ন কমিটির চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ বইটির মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মহাপরিচালক জানান, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে যে-ই জড়িত থাকুক, ব্যবস্থা নেওয়া হবে।’ একটি সূত্র জানায়, যে বইটির অনুমোদন বাতিল করা হয়েছে তাতে স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে ‘বঙ্গবন্ধুর পক্ষে’ কথাটি বাদ পড়েছে। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের হোস্টেল সুপারকে প্রত্যাহার: ছাত্রীদের নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও মহিলা হোস্টেল সুপার মো. জহিরুল ইসলামকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকাতুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।