আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আদালতে অভিযোগ (চার্জ) গঠনের তারিখ আবারও পিছিয়েছে। গতকাল সোমবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার জন্য আদালতে হাজির না করায় অভিযোগ গঠন হয়নি।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও সরকারপক্ষের আইনজীবী কিশোর কুমার কর বলেন, সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ১৮ আগস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নিয়ে অভিযোগ গঠনের তারিখ ষষ্ঠবারের মতো পেছাল। এর আগে গত ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। গতকাল মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও হরকাতুল জিহাদের জঙ্গিসহ পাঁচ আসামিকে হাজির করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে একটি সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।