জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালের তদন্ত দল ষষ্ঠবারের মতো গতকাল শুক্রবার পিরোজপুরে পৌঁছেছে।চার সদস্যবিশিষ্ট এই তদন্ত দলে আছেন দুজন পরিদর্শক ও দুজন কৌঁসুলি। তাঁরা হলেন পরিদর্শক শাহজাহান কবির ও হরিদেব নাথ এবং কৌঁসুলি আলতাফ উদ্দিন ও ওমর খৈয়াম মো. সাইফুল ইসলাম।শাহজাহান কবির বলেন, এবারের তদন্তে সাঈদীর বিরুদ্ধে করা হত্যা ও লুটপাট মামলার বাকি থাকা কয়েকজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। ২০০৯ সালের অক্টোবর মাসে সদর উপজেলার বাদুরা গ্রামের মানিক পশারী ও জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুর রহমান বাদী হয়ে জেলা জ্যেষ্ঠ বিচারক হাকিমের আদালতে পৃথক দুটি মামলা করেন। উভয় মামলাতেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সাঈদী হত্যা ও লুটপাট করেছেন বলে উল্লেখ করা হয়।এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল পিরোজপুরে একই বিষয়ে তদন্ত করেছেন।