ষষ্ঠবারের মতো পেছাল অভিযোগ গঠনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। এ নিয়ে মামলাটির অভিযোগ গঠনের শুনানি ষষ্ঠবারের মতো পেছাল।

মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির না করায় আজ সোমবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। এর আগেও একই কারণে পাঁচবার অভিযোগ গঠনের তারিখ থাকলেও অভিযোগ গঠন হয়নি। প্রত্যেকবারই সাংসদ আমানুরকে অসুস্থতার কারণে আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক আবুল মনসুর মিয়ার আদালতে আজ শুনানি গঠনের তারিখ ধার্য ছিল। কিন্তু কাশিমপুর কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে যে সাংসদ আমানুর অসুস্থ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগছেন। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই তাঁকে আদালতে হাজির করা যায়নি। পরে আদালত অভিযোগ গঠনের জন্য আগামী ১২ জুন নতুন তারিখ দিয়েছেন।

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর ও ৯ নভেম্বর, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১৫ ফেব্রুয়ারি ও ১৫ মার্চ অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়।

২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার সামনে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এর তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত শুরু করে। ২০১৪ সালের আগস্টে সন্দেহভাজন হিসেবে আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে চলে যান।

গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাঁকন) ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানসহ (বাপ্পা) ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আমানুর কারাগারে থাকলেও তাঁর তিন ভাই এখনো পলাতক রয়েছেন।