ষষ্ঠী উদ্যাপিত আজ সপ্তমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল ছিল মহাষষ্ঠী। দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উৎসবের শুরু হলো। গতকাল দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা। এবার দেবী আসছেন নৌকায়, যাবেন হাতিতে চড়ে।
আজ মহাসপ্তমী। সকাল সোয়া আটটায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। রাত ১১টা থেকে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা অনুষ্ঠিত হবে।
রাজধানীর প্রধান মণ্ডপগুলো স্থাপিত হয়েছে ঢাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মঠ ও মিশন, ভোলানন্দ গিরি আশ্রম, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজার বোবার স্কুল, নর্থব্রুক হল, সূত্রাপুরের গৌতম মন্দির, মালাকারটোলা ছাড়াও সিদ্ধেশ্বরী কালীমন্দির, রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির, কলাবাগান, গুলশান-বনানী এলাকার বাসিন্দাদের উদ্যোগে কামাল আতাতুর্ক অ্যাভিনিউর বনানী মাঠে, সবুজবাগ সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে বাসাবো বালুর মাঠে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল প্রাঙ্গণে।