ষষ্ঠী উদ্যাপিত আজ মহাসপ্তমী

আবহাওয়া ছিল পরিচ্ছন্ন। তাপের দাপট কিছুটা থাকলেও তা পাত্তা পায়নি বেলতলায়। পরের দিনগুলোতে যে ভিড় বাড়বে, তার ইঙ্গিত মিলল গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। মহাষষ্ঠীতেই মোটামুটি ভিড় ছিল শহর ও গ্রামের পূজামণ্ডপগুলোতে। অথচ সব মণ্ডপ যে তৈরি, তা নয়। এখনো কোথাও কোথাও তুলির শেষ টান চলছে। কোথাও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততা।
মহাষষ্ঠী তিথিতে অসুর শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবী দুর্গার আবাহনে শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল মঙ্গলবার সকালে সারা দেশে মণ্ডপে মণ্ডপে বেলতলায় হয়েছে দেবী দুর্গার বোধন। ষষ্ঠী তিথিতে বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো এবারের দুর্গোৎসব। আজ মহাসপ্তমী।
উলুধ্বনি, শাঁখের সুর, সঙ্গে ঢোলের তাল ও মাতৃবন্দনার আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গলবার সকালে। নানাবিধ উপাচারে ডালা সাজিয়ে আসতে থাকেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশে মঙ্গলময়ী দেবীর জাগরণে জগতে সুরশক্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেন তাঁরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। আজ বুধবার মহাসপ্তমীর পূজা শুরু হবে সকালে।
এ বছর সারা দেশে ৩০ হাজার ৭৭টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছে ২৩১টি মণ্ডপ। ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী জানান, শারদীয় দুর্গোৎসব ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। তিনি বলেন, পূজা একটি জনগোষ্ঠীর ধর্মাচরণের অংশ হলেও ঐতিহ্যগতভাবেই ধর্ম-বর্ণনির্বিশেষে এই উৎসব এখন সর্বজনীন উৎসবে রূপ লাভ করেছে। শারদীয় দুর্গোৎসবের শান্তি ও সম্প্রীতির বাণী, অসুর শক্তির বিরুদ্ধে সুরশক্তির বিজয়ের চেতনা বিশ্বজনীন।
অনেকেই পূজার বাজার ও মণ্ডপদর্শন সারলেন একসঙ্গে। সূত্রাপুরের অপু নন্দী ও দীপন নন্দী এসেছিলেন টিকাটুলীর রাজধানী মার্কেটে। ছোট ভাই দীপন বললেন, ‘কিছু খুচরো কেনাকাটা ছিল। তাই শেষ সময়ে দাদাকে নিয়ে মার্কেটে আসলাম। কাল থেকে নতুন জামা পরে ঘুরে বেড়াব।’ ঢাকেশ্বরী মন্দিরে মাতৃবন্দনা করতে এসেছিলেন শম্পা-জয়ন্ত দম্পতি। শম্পা বলেন, ‘বিয়ের পর এবার প্রথম দুর্গাপূজা। প্রার্থনা তো অবশ্যই বিশেষ কিছুর। স্বামী, সংসার, পরিবার-পরিজনের পাশাপাশি আমি প্রার্থনা করব মায়ের আগমনীতে যেন সমস্ত অন্যায়-অত্যাচার বন্ধ হয়।’ ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে গতকাল ষষ্ঠীপূজা ছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।
শাস্ত্র বলছে, সপ্তমী, অর্থাৎ দেবীর আগমনের দিন বুধবার এবং ফেরার দিন শনিবার হওয়ায় দুর্গা এবার আসছেন নৌকায় চড়ে, যাবেন ঘোড়ায় চড়ে।