ষাঁড়কে খাওয়াতে কেটে নেওয়া হচ্ছে খেতের কাঁচা ধান
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কয়েকটি গ্রামে খেতের কাঁচা ধান দুর্বৃত্তরা কেটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ষাঁড়কে খাওয়াতে রাতের আঁধারে এ ধানগাছ কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে গ্রামবাসী।এলাকাবাসী জানায়, ষাঁড়ের লড়াইয়ে অংশ নেওয়ার জন্য উপজেলার ১৩টি ইউনিয়নের অনেক গ্রামে ষাঁড় পালন করা হয়। এসব ষাঁড়কে খাওয়াতে বিভিন্ন গ্রামের ষাঁড়মালিক ও তাঁদের লোকজন রাতের আঁধারে কৃষকদের জমির কাঁচা আমন ধান কেটে নিয়ে যাচ্ছে।গতকাল শুক্রবার উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বেশির ভাগ খেতের ধানে শীষ আসতে শুরু করেছে। এর মধ্যে কোনো কোনো জমি থেকে কাঁচা ধান কেটে নেওয়া হয়েছে। সবুজ খেতের মাঝখানে পড়ে আছে ন্যাড়া জমি।গ্রামবাসী জানায়, এ পর্যন্ত পটুয়াপাড়া গ্রামের আঞ্জু মিয়া, আহম্মদ আলী, আবদুল হান্নান, চান মিয়া, সুরুজ আলী, বাচ্চু মিয়া ও আবদুর রহিম এবং সান্দিকোনা গ্রামের হাছেন আলী, হক মিয়া, মিছির আলী, ইনছান মিয়া ও রফিকুল ইসলামের জমি থেকে কাঁচা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু ষাঁড়মালিকেরা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ভয়ে কিছু বলতে পারছেন না।পটুয়াপাড়া গ্রামের কৃষক আঞ্জু মিয়া বলেন, ‘শুধু আমারই আড়াই কাঠা জমির কাঁচা ধান চোরেরা নিয়ে গেছে। এভাবে ধান চুরি হলে আমাদের বাঁচার আর কোনো পথ থাকবে না।’জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।