ষাঁড়ের লড়াইয়ে ৩০ লাখ টাকার পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ষাঁড়ের লড়াইয়ে প্রায় ৩০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলার বাটলাড়া গ্রামে আগামীকাল মঙ্গলবার এই লড়াইয়ের আয়োজন করা হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, বাটলাড়া গ্রামে ষাঁড়ের লড়াইয়ের আয়োজনের জন্য প্রায় এক মাস ধরে প্রস্তুতি চলছে। মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। প্রচারপত্রে দেখা গেছে, লড়াইয়ে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১০টি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার ষাঁড়ের বদলে ষাঁড় ১০টি, তৃতীয় পুরস্কার ১০টি ২৯ ইঞ্চি রঙিন টেলিভিশন, চতুর্থ পুরস্কার ২০টি বাইসাইকেল ও পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে ৫০টি মুঠোফোন। সব মিলিয়ে পুরস্কার বাবদ আয়োজকদের খরচ হবে প্রায় ৩০ লাখ টাকা। এ লড়াইয়ে উপজেলার গড়াডোবা গ্রামের হেলিম মিয়া ও সিংহেরগাঁও গ্রামের শহিদ মিয়া, চাপিলাকান্দা গ্রামের আবদুল মোতালিব ও দুরছাপুরের গনি মিয়া এবং চন্দলাড়ার সোনা মিয়া ও ভাদেরা গ্রামের আবদুল কাদিরের ষাঁড়ের লড়াই উল্লেখযোগ্য বলে প্রচার করা হচ্ছে। প্রচারপত্রে আয়োজকদের মধ্যে শহিদুল ইসলাম ও সুমন চন্দ্র ভদ্রের নাম উল্লেখ করা হয়েছে।শহিদুল ও সুমন বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই এ আয়োজন করা হয়েছে।তবে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এ ধরনের আয়োজনের অনুমতির বিষয়ে তিনি কিছু জানেন না।