ষাঁড়ের লড়াইয়ের নামে লাখ লাখ টাকার জুয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে লাখ লাখ টাকার ‘জুয়াবাজি’ চলছে। অথচ প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রোববারও উপজেলার গন্ডা ইউনিয়নে লাখ টাকার বাজি ধরা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার গন্ডা, গড়াডোবা, আশুজিয়া, দলপা, মোজাফফরপুর ও সান্দিকোনা ইউনিয়নে প্রায় এক বছর ধরে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। সাধারণত প্রতি শনি ও মঙ্গলবার এ লড়াইয়ের আয়োজন করা হয়। কিন্তু জুয়াবাজি বেড়ে যাওয়ায় এখন সপ্তাহের অন্য দিনও ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। লড়াইকে কেন্দ্র করে ষাঁড়ের মালিক ও দর্শকদের মধ্যে পাঁচ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত বাজি ধরা হয়। আজ মঙ্গলবার দলপা ইউনিয়নের রামপুর গ্রামে পাঁচ লাখ টাকার বাজিতে আরেকটি ষাঁড়ের লড়াই আয়োজনের কথা রয়েছে।গ্রামবাসী জানান, গতকাল গন্ডা গ্রামের ষাঁড়ের লড়াইয়ে বালুয়াকান্দা গ্রামের আসাদুল ও ডাউকি গ্রামের আবুল মিয়া দুই লাখ টাকা বাজি ধরেন। বাজিতে জেতেন আবুল মিয়া।এই ষাঁড়ের লড়াইয়ের আয়োজনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি জানান, পুরস্কারের বদলে মোটা অঙ্কের টাকা ধরেই ষাঁড়ের লড়াই চলছে। গতকালের লড়াইয়ে বাজিতে জেতা আবুল মিয়া বলেন, ‘এইভাবে টেহা দিয়াই এহন সবখানে নাড়াই (লড়াই) অইতেচে (হচ্ছে)।’এলাকাবাসী অভিযোগ করেন, ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়াবাজির ব্যাপারে প্রশাসনকে বারবার জানালেও কোনো লাভ হচ্ছে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন তালুকদার বলেন, ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বন্ধের বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক আলী ভূঁইয়া বলেন, জুয়াবাজির এ ধরনের ষাঁড়ের লড়াইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও কোনো কাজ হয়নি।মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসরের আয়োজন ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক অশান্তি দেখা দিয়েছে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিগগির এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, এ ধরনের ষাঁড়ের লড়াই বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য ইউপি চেয়ারম্যানদের বলে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।