ষোলশহর, হামজারবাগের গ্রাহকেরা চরম দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম নগরের ষোলশহর, বায়েজিদ, হামজারবাগ, অক্সিজেন, বালুছড়া, ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দারা। হাটহাজারী উপজেলার এগারো মাইল এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়া এর কারণ। এ নিয়ে গত দুই মাসে দুবার বিকল হলো পাওয়ার গ্রিডের হাটহাজারীর ট্রান্সফরমার।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মৃধা বলেন, দুই সপ্তাহ ধরে পিজিসিবির ট্রান্সফরমার বিকল হওয়াতে এ সমস্যা তৈরি হয়েছে। বালুছড়া, ক্যান্টনমেন্ট, অক্সিজেন, বায়েজিদ, হামজারবাগসহ বিভিন্ন এলাকার ৫২ হাজার গ্রাহককে বিদ্যুৎ-বিভ্রাটে ভুগতে হচ্ছে। তিনি বলেন, ‘গ্রাহকের কাছ থেকে নিয়মিত অভিযোগ করছেন। কিন্তু আমাদের কিছু করার নেই এখানে। অর্ধেক বিদ্যুৎও পাচ্ছি না।’
হামজারবাগ গাউছিয়া আবাসিক এলাকার বাসিন্দা খাদিজা বেগম প্রথম আলোকে বলেন, দিন-রাত মিলিয়ে ১৫-১৬ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। আবার বিদ্যুৎ এলেও লো-ভোল্টেজের সমস্যা হচ্ছে।
পিডিবি সূত্র জানায়, ৫ অক্টোবর পিজিসিবির ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এর ফলে চট্টগ্রাম নগরের কিছু অংশ, হাটহাজারী, খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকার পিডিবি ও পল্লি বিদ্যুতের প্রায় দুই লাখ গ্রাহকের ভোগান্তি শুরু হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘টানা আধা ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। লো-ভোল্টেজ তো আছেই। এলাকার লোকজন প্রতিনিয়ত আমার কাছে আসছে। লো-ভোল্টেজ সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে একটি পৃথক বিদ্যুতের সরবরাহ লাইনের দাবি জানিয়ে আসছি। কর্তৃপক্ষ শুধু বলে, কাজ চলছে।’
বালুছড়া এলাকার গ্রাহক মো. আনিস মাহমুদ বলেন, বিদ্যুৎ না থাকায় আইপিএসে চার্জ হচ্ছে না। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে।
ট্রান্সফরমার বিকলের বিষয়ে পিজিসিবি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর দাশ বলেন, কারিগরি ত্রুটির কারণে একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এ জন্য বেশ কিছু এলাকায় বিদ্যুতের সমস্যা হচ্ছে। ঢাকা থেকে আরেকটি ট্রান্সফরমার এনে বসানো হয়েছে। শনিবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।