ষোড়শ সংশোধনী ঐতিহাসিক দুর্ঘটনামাত্র : হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেছেন, সরকার যে ষোড়শ সংশোধনী করেছে, তাকে আদালত বলেছেন, এটা একটা ঐতিহাসিক দুর্ঘটনা। আদালত বোঝাতে চাইছেন, ষোড়শ সংশোধনীর কাজটি ভালো হয়নি। ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের ওপর খড়্গ স্থাপন করা হয়েছে। আদালত আরও বলেছেন, সরকারের পক্ষ থেকে যে যুক্তি তুলে ধরা হয়েছিল যে দেশের বিভিন্ন দেশে সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করা হয়। তা সঠিক নয়। কারণ, ৬৩ ভাগ কমনওয়েলথভুক্ত দেশে সংসদের বাইরে বিচারপতিদের অপসারণের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আদালতের রায়ের বিবরণ প্রসঙ্গে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, সরকারপক্ষ থেকে বলা হয়েছিল, আমেরিকা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশেও এ ধরনের আইন আছে। একইভাবে এখানেও সেই আইন করা হয়েছে। সে ব্যাপারে আদালত বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ওই সব দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সেটির তুলনায় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট ভিন্ন। তাই ওই সব দেশে যে আইন কার্যকর হতে পারে, সেটা বাংলাদেশে কার্যকর হবে—এমন কোনো কথা নেই।
জনগণের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে জানিয়ে মনজিল মোরসেদ বলেন, আদালত বলেছেন, এই সংশোধনীর ফলে বিচার বিভাগের ওপর খড়্গ সৃষ্টি হয়েছে। এই জিনিস আদালত বিবেচনায় নিয়েছেন। ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রইল।