ষোড়শ সংশোধনী নিয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ৮ ফেব্রুয়ারি
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করেন।
শুনানিকালে আদালত বলেন, এই মামলা বিচারাধীন (ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে রিট) থাকা অবস্থায় আইনটি (খসড়া) করা হয়। বিচারাধীন থাকা অবস্থায় আইনের যে খসড়া করা হয়েছে, তা নেওয়া হবে না।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ ৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। মামলাটি আপিল বিভাগের সব কজন বিচারপতি শুনবেন।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের পর রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ (সিএমপি) চেয়ে আবেদন করে। এই আবেদন শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়, রায়ের প্রত্যয়িত অনুলিপি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আবেদনটি গতকাল কার্যতালিকায় ছিল। রাষ্ট্রপক্ষ জানায়, তারা আপিল করেছে। প্রস্তুতির জন্য রাষ্ট্রপক্ষ চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করে, আদালত ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে পাস হয়। একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়। সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে পরদিন আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের আগস্টে হাইকোর্টের রায় প্রকাশ পায়। এর আগে গত বছরের ২৫ এপ্রিল তদন্ত, প্রমাণের পদ্ধতি ও অপসারণের প্রক্রিয়া ঠিক করে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন’ নামে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।