ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষুব্ধ অর্থমন্ত্রী
আদালতে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষুব্ধ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার দুপুরে সিলেটে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জাতীয় সংসদে আবারও সংশোধনী পাস করার কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আবার সংসদে এটা পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি জুডিশিয়ারি কত দূর যায়।’ অর্থমন্ত্রী কারও নাম উল্লেখ না করে প্রশ্ন তুলে বলেন, ‘মানুষের প্রতিনিধিদের ওপর তারা খবরদারি করবে? তাদের আমরা চাকরি দিই।’
অর্থমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা। গত ৩১ মে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এরপর থেকেই চলছে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা নির্বাচনের কাজ। গতকাল দুপুরে অর্থমন্ত্রী সিলেটে পৌঁছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান দক্ষিণ সুরমা পরিদর্শন করেন।