ষোড়শ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছে: ড. কামাল
>সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মূল কাঠামোর অন্যতম অংশ। ষোড়শ সংশোধনী সংবিধানের এই মূল কাঠামোর পরিপন্থী। এ সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করছে।
সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানিতে গতকাল বুধবার অ্যামিকাস কিউরির মত হিসেবে ড. কামাল হোসেন এ কথা বলেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে গতকাল এ শুনানি হয়। এ সময় রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
শুনানিতে ড. কামাল হোসেন বলেন, বিচারপতিদের মেয়াদ বিচার বিভাগের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ দিক। বিচারপতি যেন নির্বিঘ্নে ন্যায়বিচার করতে পারেন, এ জন্য তাঁর মেয়াদ নিশ্চিত হওয়া দরকার। অথচ ষোড়শ সংশোধনীর ফলে দুই-তৃতীয়াংশ ভোটে সংসদ একজন বিচারপতিকে সরিয়ে দিতে পারে। তাহলে তো বিচারপতি ভয়ভীতি থেকে মুক্ত হয়ে বিচারকাজ করতে পারবেন না। বিচারপতিকে অপসারণের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও দলীয় পক্ষপাতিত্বের আশঙ্কা থাকায় বিভিন্ন দেশে এই সংশোধনী নিয়ে প্রশ্ন উঠেছে।
এই আইনজ্ঞ আরও বলেন, ‘আমাদের দেশের ৪০-৪২ বছরের অভিজ্ঞতা বিবেচনা করলে এত তড়িঘড়ি করে এ সংশোধনী করা হতো না। কোনো আলোচনা, বিতর্ক কিছুই হলো না, হঠাৎ করে সংবিধানে একটা সংশোধনী নিয়ে আসা হলো।’
শুনানির একপর্যায়ে আদালত প্রশ্ন করেন, বাহাত্তরের মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতেই ছিল। তখন ড. কামাল বলেন, ‘সংবিধানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান করা হয়েছিল, ২০১০ সালে পঞ্চম সংশোধনীর রায়ে তা সর্বোচ্চ আদালত অনুমোদন করেছিলেন। ওই রায়ে বিশেষ করে বলা হয়েছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকা দরকার। পাঁচ বছর পর হঠাৎ করে সর্বোচ্চ আদালতকে উপেক্ষা করে একটা পরিবর্তন করা হলো। এটা বিবেচনাও করা হলো না যে সর্বোচ্চ আদালত যা অনুমোদন দিয়েছেন, সেখান থেকে সরে যাওয়ার আগে চিন্তাভাবনা, আলোচনা, বিতর্ক করা দরকার।’
গত বছরের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী। ৯ নভেম্বর ওই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে সরকারের কাছে জানতে চান, ষোড়শ সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
চলতি বছরের ২১ মে ওই রুলের ওপর শুনানি শুরু হয়। ওই দিন এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে পাঁচজন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। তাঁরা হলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি। প্রথমে মতামত দিয়েছেন আজমালুল হোসেন কিউসি।