ষোড়শ সংশোধনী রায়ের আংশিক অনুলিপি প্রকাশ
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের আংশিক অনুলিপি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করেছিলেন। তাঁদের মধ্যে দুজন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হকের লেখা রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ দেওয়া হয়েছে। কিন্তু বেঞ্চের অপর বিচারপতি আশরাফুল কামালের লেখা রায় ওয়েবসাইটে এখনো প্রকাশিত হয়নি।
৫ মে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘এটাকে পূর্ণাঙ্গ রায় বলা যাবে না। আমি যতটুকু জানি, তিনজন বিচারপতির মধ্যে দুজন বিচারপতির লেখা রায় প্রকাশিত হয়েছে। বাকি একজনের এখনো হয়নি। তাই এটাকে পূর্ণাঙ্গ রায় বলা যাবে না। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে অবশ্যই এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে এনে করা সংবিধানের ষোড়শ সংশোধনী সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতে এ রায় দেন। বিচারপতি আশরাফুল কামাল ভিন্নমত পোষণ করে রুল খারিজ করেন।
আদালতের পর্যবেক্ষণে তখন উঠে আসে, সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা ফিরে যাওয়ার বিষয়টি দুর্ঘটনামাত্র।
রাষ্ট্রের প্রধান আইনজীবী মাহবুবে আলম এ বিষয়ে বলেছিলেন, ‘এটা আদালতের মতামত। এই মতের সঙ্গে আমি একমত নই। ৩০ লাখ লোকের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আমাদের সংবিধান রচনা ৩০ লাখ রক্তের বিনিময়ে। ৩০ লাখ লোকের রক্তের অক্ষরে লেখা এ সংবিধান। সুতরাং আমি মনে করি, সংবিধানের যেকোনো সংশোধনীকে আদালত অবৈধ ঘোষণা করতে পারেন; কিন্তু মূল সংবিধানের কোনো ধারাকে কোনো আদালত অবৈধ ঘোষণা করতে পারেন না। মূল সংবিধানের সৃষ্টিই হলো আদালত। সুতরাং আদালত তার সৃষ্টিকে অস্বীকার করতে পারেন না এবং ষোড়শ সংশোধনী দ্বারা আমাদের মূল সংবিধানে আমরা ফিরে গিয়েছি। সেটাই ছিল আমাদের মূল কথা। আমাদের মূল সংবিধানের কোনো ধারাকে কোনো আদালত অবৈধ ঘোষণা করতে পারেন না। উচিত না।’