উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করা সম্পর্কিত সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কেন বেআইনি ও সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য বিষয়টি ২৬ নভেম্বর কার্যতালিকায় আসবে।
জাতীয় সংসদে গত ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিল, ২০১৪ পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী ৫ নভেম্বর একটি রিট আবেদন করেন। গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ষোড়শ সংশোধনী সংবিধানের ৭(খ), ২২, ১১৬(ক) অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে রিটটি করা হয়। আদালত ষোড়শ সংশোধনী কেন বেআইনি ও সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন।
রিট আবেদনকারী আইনজীবীরা হলেন: আসাদুজ্জামান সিদ্দিকী, ইমরুল কাউছার, মামুন আলিম, একলাছ উদ্দিন ভুইয়া, মো. সারোয়ার আহাদ চৌধুরী, মাহবুবুল ইসলাম, নুরুল ইনাম বাবুল, শাহীন আরা লাইলি ও রিপন বাড়ৈ।
ষোড়শ সংশোধনী বিল অনুসারে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২ দফায় বিচারকদের অপসারণের ক্ষমতা-সংক্রান্ত বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, ‘প্রমাণিত ও অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্যসংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাইবে না।’ ৩ দফায় বলা হয়েছে, এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব-সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবেন।
শুনানির বিষয়ে মনজিল মোরসেদ বলেন, একটি রিটের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মার্শাল ল-এর রেগুলেশন/অর্ডিন্যান্স বাতিল করেছেন। তবে ৯৬ অনুচ্ছেদের বিচারক অপসারণ-সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সংরক্ষণ করা হয় এবং সংবিধান পুনর্মুদ্রণের মাধ্যমে তা অন্তর্ভুক্ত আছে। হঠাৎ করে ওই বিধান পরিবর্তন করে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন, ২০১৪ পাস হয় এবং গেজেট আকারে প্রকাশিত হয়।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, এ সংশোধনী কার্যকর হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে। জনগণ ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হবে।
শুনানিতে রিটের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন বলেন, ষোড়শ সংশোধনী পাস হলেও জাজেস ইনকোয়ারি অ্যাক্ট এখনো হয়নি। ইনকোয়ারি অ্যাক্ট প্রণয়ন হলেই এই সংশোধনী কার্যকর হবে। অ্যাক্ট না হওয়া পর্যন্ত রিটটি অপরিপক্ব।
সংবিধানের ৭(খ) অনুচ্ছেদে সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য, ২২ অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ এবং ১১৬(ক) অনুচ্ছেদে বিচার বিভাগীয় কর্মচারীরা বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন—এসব বিষয়ে বলা আছে।
১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলেও এ-সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়নি। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। পরে সামরিক ফরমানবলে ১৯৭৮ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর বিচারপতিদের অপসারণের ক্ষমতা ন্যস্ত করা হয়। প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।