ষোলঘরে রাবেয়া খাতুনের একক বইমেলা
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা বই নিয়ে তাঁর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে গতকাল শুক্রবার বইমেলার আয়োজন করা হয়।
বেলা ১১টায় ষোলঘর এ কে এস কে উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।
গতকাল ২৭ ডিসেম্বর ছিল রাবেয়া খাতুনের ৭৮তম জন্মদিন। এ উপলক্ষে ‘রাবেয়া খাতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের’ উদ্যোগে গতকাল দিনব্যাপী একক বইমেলার আয়োজন করা হয়।
উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় চাষী নজরুল ইসলাম বলেন, ‘রাবেয়া খাতুন নিঃসন্দেহে একজন বড় মাপের লেখিকা। তাঁর লেখার বিভিন্ন স্থানে ষোলঘর ও তার আশপাশের এলাকার নাম তুলে ধরেছেন। ছোটবেলায় পাটগাছের ভেতর লুকোচুরি খেলা, জাল দিয়ে মাছ ধরা তাঁর লেখায় উঠে এসেছে। যেগুলো আমাকে আমার শৈশবে নিয়ে যায়।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, ষোলঘর ইউপির চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ।
উদ্বোধনের আগে অতিথিরা বিদ্যালয় ফটকে রাবেয়া খাতুনের দেওয়া একটি কামিনী ফুলের গাছ রোপণ করেন। রাবেয়া খাতুনের ছেলে ফরিদুর রেজা সাগর চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।