ষোলশহরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ট্রেনের ধাক্কায় রত্না দে (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা এক বছর বয়সী নাতি প্রিয়বত বিশ্বাস আহত হয়েছে।এদিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় রেললাইনের কাছ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ষোলশহর স্টেশনের স্টেশনমাস্টার ফখরুল ইসলাম জানান, ২ নম্বর গেট এলাকায় নাতি প্রিয়বতকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি শাটল ট্রেন রত্না দে-কে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিশু প্রিয়বত বিশ্বাস ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রেলওয়ে জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, ফৌজদারহাট এলাকায় পড়ে থাকা লাশের মাথার পেছনের অংশ থেঁতলে গেছে। রেললাইনের মাঝখানে লাশটি পড়েছিল।