ষোলো বছর, ১৬ আনা উৎসব

বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ছাড়া সাধারণত এত মানুষের ঢল নামে না। গতকাল শুক্রবার ছুটির দিনে ১৬ আনা আনন্দ-উৎসবে মাততে সকাল থেকে বিরামহীন জনস্রোত ছিল একাডেমির চত্বরে। শিশু থেকে তরুণ, যুবক থেকে প্রৌঢ়—হাজারো মানুষের হর্ষে, কলতানে মুখর হয়ে উঠেছিল হেমন্তের দিনটি। ১৬ আনা আনন্দ-উৎসবের এই আয়োজন করেছিল প্রথম আলো তার পাঠকদের নিয়ে ষোলো বছর পূর্তি উপলক্ষে।
পাঠকই প্রথম আলোর প্রাণ। সেই পাঠকের সঙ্গে গতকাল ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে প্রথম আলো। এ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় দিনব্যাপী পাঠকমেলার। পাঠকেরা দেখেছেন গত ১৬ বছর প্রথম আলোতে প্রকাশিত বিশেষ ছবি, কার্টুন। কথা বলেছেন, দিনভর নানা আনন্দ আয়োজনে মেতেছেন। সরাসরি প্রশ্নোত্তরে অংশ নিয়েছেন তাঁরা।
‘অনেক বছর ধরে প্রথম আলো পড়ি। কিন্তু এর পেছনে যাঁরা কাজ করেন, তাঁদের কখনো কাছ থেকে দেখিনি। এবার সেই সুযোগ হলো। পত্রিকাটিতে কাজ করেন—এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছি। খুবই ভালো লাগছে।’
প্রথম আলোর পাঠকমেলায় এসে এমন ভালো লাগার কথা জানালেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত মনিরুজ্জামান। আরেকজন পাঠক শামীমা জাহান ফিচার বিভাগের প্রতিটি স্টল, আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনীর স্থানে এসে ছবি তুলছিলেন। রস+আলোর স্টলের সামনে সেলফি তোলার পর তিনি বললেন, ‘সম্ভবত এক যুগের বেশি সময় ধরে প্রথম আলো পড়ি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের খবরও পড়েছি। কিন্তু এবার অনুষ্ঠানে এসে নিজেকে পত্রিকারই একটি অংশ মনে হচ্ছে।’
পাঠকের জন্য এ ধরনের আয়োজন ছিল এবারই প্রথম। ছুটির দিন সকাল সাড়ে নয়টা থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আসতে শুরু করেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। শিশুর সংখ্যাও ছিল লক্ষণীয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যাও বাড়াতে থাকে। কয়েক পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তাঁরা।
পাঠকমেলায় অংশ নিতে বাবা-মায়ের সঙ্গে বাংলা একাডেমিতে এসেছিল অষ্টম শ্রেণির ছাত্র রামিম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইউশরা। তাদের বাবা প্রথম আলোতে প্রকাশিত একটি ছবিতে থাকা এক বিদেশিকে দেখিয়ে বললেন, ‘তোমরা যে কম্পিউটার ও ল্যাপটপে মাইক্রোসফট ব্যবহার করো, বিল গেটস সেই প্রতিষ্ঠানের মালিক।’
সাত-আট বছর বয়সের শিশুদের কাছে আকর্ষণীয় ছিল ‘জ্যাম্পিং কার্পেট’। যারা একটু সাহসী, তারা মেতেছিল এভারেস্ট জয়ের আনন্দে। দড়ি দিয়ে তাদের টেনে তোলা হলেও আনন্দে কমতি ছিল না। নেমে এসে ‘ভি’ চিহ্ন দেখিয়ে ছবি তুলতে ভুল করেনি।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় ‘উৎসব ১৬ আনা, ষোলো পেরিয়ে সীমানা ছাড়িয়ে’ শীর্ষক পাঠকমেলা। চলে সন্ধ্যা পর্যন্ত। মেলা ছিল সবার জন্য উন্মুক্ত। পাঠকের ভিড় ছিল বায়োস্কোপ ঘিরেও। শহরে থাকায় অনেকেই কখনো বায়োস্কোপ দেখার সুযোগ পায়নি। ধানমন্ডির বাসিন্দা নাসরিন হক বললেন, ‘ছোটবেলায় পুরান ঢাকায় থাকতাম, তখন বায়োস্কোপ দেখেছি। এরপর বহু বছর পর আবার দেখার সুযোগ মিলল।’ মেলায় আসার অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, পত্রিকা পড়ার কারণে অনেকের নাম তাঁর পরিচিত ছিল। এখানে এসে তাঁদের কারও কারও সঙ্গে এবং স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন—এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। তাঁর সঙ্গে আসা ছোট বোন নাসিমা হক জানালেন, শিশির ভট্টাচার্য্যের কার্টুন তাঁর সবচেয়ে প্রিয়। এখানে এসে শিশির ভট্টাচার্য্যের সঙ্গে কথা বলে দারুণ খুশি তিনি।
মেলায় সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামকে কাছে পেয়ে নানা প্রশ্নে জর্জরিত করেছেন পাঠক। হাসিমুখে সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন তাঁরা। পাঠকমেলা ঘুরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরও।
সকাল সাড়ে ১০টায় পাঠকমেলার উদ্বোধন হয়। শুরুতেই মঞ্চে আসেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি মঞ্চে আমন্ত্রণ জানান ফেরদৌস, বাপ্পা মজুমদার, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তিশা, মিম, কনা, এলিটা, কোনাল, কামার আহমাদ সাইমন, নাসির হোসেন (ক্রিকেটার), তাসকিন আহমেদকে (ক্রিকেটার)। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘বাংলাদেশ ২০২৪’ শীর্ষক পত্রিকা। সকাল ১০টা ৫০ মিনিটে একদল শিশু-কিশোর মঞ্চে উঠে আসে। প্রথম আলোর এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল ভাবনা নিয়ে বাপ্পা মজুমদারের পরিচালনায় ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’ শিরোনামের গান পরিবেশন করেন তাঁরা।
দুপুর সোয়া ১২টার দিকে মঞ্চে আসেন নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অসাধারণ হয়ে ওঠা কয়েকজন। তাঁরা হলেন ময়মনসিংহের মমতাজ হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, অ্যাসিড-সন্ত্রাসের শিকার হওয়ার পরও ঘুরে দাঁড়ানো শামিমা আক্তার, অদম্য মেধাবী ফাল্গুনী সাহা, প্রথম আলো চর বিদ্যালয়ের দুই শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মাহাফুজ এলাহী, নীলফামারীর আলোচিত মাদ্রাসাশিক্ষক রঞ্জিত কুমার রায়, রাজশাহীর কানাই চন্দ্র দাস। দুপুর ১২টা ৪০ পর্যন্ত তাঁরা তাঁদের সফল হওয়ার গল্প শোনান।
নমিতা বিশ্বাস নামের একজন পাঠক ছুটে যান জয়নাল আবেদীনের কাছে। কথা বললেন, ছবি তুললেন। পাঠকের জন্য এমন আয়োজন হতে পারে, ভাবতেই পারেননি মানিকগঞ্জের আমিনুর রহমান। তিনি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে পুরো আয়োজন ঘুরে ঘুরে দেখেন।
বেলা যতই বাড়ছিল, পাঠকের ভিড়ও বাড়ছিল। বিকেলে আরও একদফা গানের তালে আনন্দে মেতে ওঠেন পাঠকেরা। আর সবমিশালি মঞ্চে তখনো চলছে নানা আনন্দ আয়োজন। বিকেলে মূল মঞ্চে পাঠকের মুখোমুখি হয় প্রথম আলো। এরপর শুরু হয় আরেক দফা সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনভর আনন্দ-উৎসব শেষে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আশাবাদের মধ্য দিয়ে এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আনিসুল হক।