ষোড়শ বোমাং রাজার অভিষেক আজ
বান্দরবানে বোমাং রাজপরিবারের প্রবীণতম সদস্য ক্যসাইন প্রু চৌধুরী (কে এস প্রু) আজ মঙ্গলবার বোমাং সার্কেলের ষোড়শ বোমাং রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন। ঐতিহ্য অনুযায়ী, বিভাগীয় কমিশনার রাজকীয় আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে অভিষেক করাবেন বলে রাজপরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন। নিয়োগপ্রাপ্ত নতুন রাজার ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন, সকাল সাড়ে নয়টা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান শুরু হবে। এতে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এ কে সামাদ, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান ও জেলার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।সদ্য প্রয়াত বোমাং রাজার ছেলে চহ্লাপ্রু জিমি বলেছেন, ঐতিহ্য অনুসরণ করে বিভাগীয় কমিশনার রাজাকে শপথবাক্য পাঠ করাবেন এবং রাজতরবারি তুলে দেবেন। এ সময় তিনি রাজপরিবারের নবীন-প্রবীণ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ষোড়শ রাজা হিসেবে কে এস প্রুর অভিষেক ঘোষণা করবেন। অভিষেক হওয়া রাজার সমঞ্চানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।রাজপরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেছেন, কে এস প্রু চৌধুরীকে দশম বোমাং রাজা সহ্লাপ্রু চৌধুরীর সময়ে ব্রিটিশ সরকারের দেওয়া তরবারি হস্তান্তর করা হবে। প্রয়াত পঞ্চদশ বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরীর সময়ে রাজপরিবারে দ্বন্দ্ব থাকায় তাঁকে এ তরবারি দেওয়া হয়নি। কিন্তু সব তিক্ততা ভুলে তিনি আবার রাজপরিবারকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। রাজদরবার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সরকার রাজা হিসেবে কে এস প্রু চৌধুরীকে নিয়োগ দিয়েছে। কিন্তু বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস (আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ভিক্ষুরা বিহারে বসবাস করেন) থাকায় তখন অভিষেক করা হয়নি।