ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দুই বিচারপতির দেওয়া রায় প্রকাশ পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আসা ১৬৫ পৃষ্ঠার রায়টি রয়েছে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, রায়টি পর্যালোচনা করে আপিল করা হবে।
ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দেন গত ৫ মে। এর প্রায় তিন মাসের মাথায় সংখ্যাগরিষ্ঠ মতের রায় প্রকাশ পেল।
সুপ্রিম কোর্টের নয় আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ওই রায় ঘোষণা করেছিলেন।
১৬৫ পৃষ্ঠার রায়টি লিখেছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে একমত পোষণ করছেন বিচারপতি কাজী রেজা-উল হক।
ওই মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অর্থাৎ দুই বিচারপতি ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন—এ রায় প্রকাশিত হয়েছে। বেঞ্চের অপর বিচারপতি মো. আশরাফুল কামালের দেওয়া রায় এখন প্রকাশের অপেক্ষায়।
হাইকোর্টের রায়ের পর তা স্থগিত চেয়ে ৮ মে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করেছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন বলেন, প্রকাশের অপেক্ষায় থাকা রায় অর্থাৎ পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর বিষয়টি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে।
বিভিন্ন নজির ও প্রসঙ্গ তুলে ধরে রায়ে বলা হয়, ‘দ্বিধা নেই, ষোড়শ সংশোধনী একটি কালারেবল লেজিসলেশন (কোনো কাজ সংবিধানের মধ্যে থেকে করার সুযোগ না থাকলে আইনসভা যখন ছদ্ম আবরণে ভিন্ন প্রয়োজনের যুক্তি দেখিয়ে একটি আইন তৈরি করে), যা রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন সভা থেকে বিচার বিভাগের পৃথক্করণ নীতির লঙ্ঘন।’
রায়ে বলা হয়, ‘এটা সংবিধানের দুটি মূল কাঠামো ৯৪(৪) ও ১৪৭(২) অনুচ্ছেদেরও লঙ্ঘন। একই সঙ্গে সংবিধানের ৭(বি) অনুচ্ছেদকেও আঘাত করে।’