উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার প্রক্রিয়ায় (জাবেদা নকল) আমরা আছি। এটি পেয়ে গেলেই আমরা আপিল করব। এক মাসের ভেতর আমরা হয়তো এটি দাখিল করতে পারব।’
সংবিধানের ষোড়শ সংশোধনী সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। এর আগে বিচারকদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি চালু ছিল। এ অবস্থায় এটাকে সাংবিধানিক শূন্যতা বলা যাবে কি না, এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘বিচারপতিদের অপসারণের ব্যাপারে সাংবিধানিক শূন্যতা বলা যায়।’ কারও বিরুদ্ধে এখন অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া যাবে কি না, অপর প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘আমার মতে, এখন ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা নেই।’