ষোড়শ সংশোধনী: আপিলের ওপর শুনানি ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই তারিখ ধার্য করেন।

আদালত বলেছেন, ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি হবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের পর রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ (সিএমপি) চেয়ে একটি আবেদন করে। আবেদনটি শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, গতকাল বুধবার তারা আপিল করেছে। এরপর আজ আদালত আপিল শুনানির জন্য তারিখ ধার্য করেন।