ষোড়শ সংশোধনীর রায় নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছে, তা খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গের একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।
গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ও জাফরগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল এসব কথা বলেন। গণফোরাম ও বিকল্পধারার নেতারা ওই এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সংবিধানপ্রণেতাদের অন্যতম ড. কামাল বলেন, ‘সবাইকে বলব একটু সংবিধান খুলে দেখেন। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল রয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য শুধু পোস্টারে ছবি দিলে হয় না, তিনি কী বলেছিলেন, তাঁর স্বাক্ষরিত দলিলে কী আছে, সেটা দেখে তাঁর প্রতি শ্রদ্ধাশীল হোন।’ তিনি আরও বলেন, সংবিধান ও সংবিধানের শাসন মেনে চলা সবারই কর্তব্য। যাঁরা সরকার গঠন করেন, তাঁরাও শপথ নেন সংবিধান মেনে চলার। তাই বলব সংবিধান খুলে দেখেন।’
বিকল্পধারা সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, বন্যায় মানুষ চরম কষ্টে আছে। অথচ সরকার সেভাবে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছে না। ক্ষমতাসীন দলের নেতারা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। অথচ তাঁরা অসহায় মানুষের জন্য খরচ করেন না।
এ সময় বিকল্পধারার মহাসচিব এম এ মান্নান, গণফোরামের নেতা মফিজুল ইসলাম, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, আ ও ম শফিক উল্যাহ ও সাইদুর রহমান উপস্থিত ছিলেন।